তোমার আমার মিথোজীবীতা নয় কোনো গোল্ডফিশ ভালোবাসা,
বিস্মৃত যুগের পরাগ মেখে তোমায় আমায় রচনা করেছে যে প্রকৃতি,
তার জন্মের সাথে আমাদের ভালবাসার জন্ম, তাই,
তুমি ওদের ওপর বিরাগী হোয়ো না,
যারা মনে করে তোমার আমার সম্পর্ক ক্ষনিকের খেয়াল,
যারা মনে করে- তোমার আমার টান পীড়ন বিন্দুতে যাবে ছিড়ে, যারা ভাবে-
তোমার আমার প্রেম পরিস্থিতি আর প্রতিবেশের পরিবর্তনে হবে প্রয়ানী,
তুমি ওদের ক্ষমা করে দাও, তুমি বিরাগী হোয়ো না,
বরং বিবাগী হও, এক মহাকাল বৈরাগ্য প্রেমে আমরাই নতুন করে
জন্ম দেব ধর্ম, বিজ্ঞান, সংস্কৃতি, কলা, কৃষ্টি,
তোমার আমার মিথোজীবীতা মন্ত্রমুগ্ধতা নয়,
নয় তন্ত্র সিদ্ধ, নয় কলির সস্তা কলেবর, তাইতো,
তোমার আমার এক সাথে ভাঙ্গা সুদীর্ঘ পথ এরা খুঁজে পায় না,
এরা যুক্ত হতে চায় বিযুক্তির জন্য,
এরা মুক্তির গান গায় অন্ধ ভক্তির ভীষন ভিত্তি গড়ার জন্য,
তুমি এদের ওপর রুষ্ঠ হোয়ো না, বরং করুণা করো,
যারা ভালবাসতে জানে না, তাদের চেয়ে অসুখি নেই কেউ আর,
এসো অপেক্ষা করি,
এসো স্বপ্নের ভ্রনের খনি মন্থন করে গড়ে তুলি নতুন সংসার।
Leave a comment